tanaka
প্রচ্ছদজাতীয়হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। এ ক্ষেত্রে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে।

রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহণকারী তিনটি এয়ারলাইনসের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের পরিবহণে হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে মোট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পরিবহণ নিশ্চিত করতে হবে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

এ অবস্থায়, এক সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানো এবং নির্ধারিত অনুপাত অনুযায়ী হজযাত্রী পরিবহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে।