নিজ আসনের প্রার্থী আহমেদ আযম খানকে পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ আখ্যা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করানো এবং পরে জেল থেকে মুক্ত করানোর পেছনেও আহমেদ আযম খানের ভূমিকা রয়েছে।
কাদের সিদ্দিকী বলেন, “আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ। আমি প্রয়োজনে তারেক রহমানের ধানের শীষের পক্ষে নির্বাচন করতে যেতে পারি, কিন্তু কখনোই আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করব না।” তিনি জানান, এসব অপকর্মের প্রতিবাদেই টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে নির্বাচনে কাজ করবেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নেতাকর্মীরা একযোগে তাকে সমর্থন জানালে কাদের সিদ্দিকী আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন, যা সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায়, “মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী। আমি কখনো মিথ্যাবাদীকে সমর্থন করতে পারি না। মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবীর বলেন, “আমি যদি নির্বাচনে অংশ নিতাম, যেভাবে তোমরা আমার পাশে থাকতে, প্রচারণা চালাতে—ঠিক সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে যেমন আমরা যুদ্ধে নেমেছিলাম, আসন্ন নির্বাচনে তেমনভাবেই স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে অবস্থান নেবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার পর পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনসঙ্গত নয়। কেউ টাকা দিলেই যাতে কাউকে গ্রেপ্তার না করা হয়, সে বিষয়ে পুলিশকে অনুরোধ জানান তিনি।
সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দীপ কুড়ি কুশি কুটিরে অনুষ্ঠিত এ বিশেষ কর্মিসভায় সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। সভায় দলের প্রায় দুই ডজন নেতাকর্মী বক্তব্য দেন।



