জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ী থানার ওসি, জেলা পুলিশের এসপি ও ঊর্ধ্বতন কমান্ডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেসব থানার আওতায় ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে, সেসব থানার ওসি থেকে শুরু করে সংশ্লিষ্ট জেলার এসপি ও তদূর্ধ্ব কমান্ডিং কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে দাখিল করে মামলা করা হবে।
চলমান কর্মসূচি প্রসঙ্গে রিফাত রশিদ জানান, তাদের দ্বিতীয় কর্মসূচি হলো রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি নিশ্চিত করা। এ বিষয়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় হবে।
নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, তৃতীয় ধাপে নির্বাচনকালীন বৃহত্তম দুটি জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নির্বাচনী ইশতেহারে জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে।
সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “আপনারা দেখেছেন, সুরভীদের সঙ্গে কী হয়েছে ও কী হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই— এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। কোথাও এমন ঘটনা ঘটলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।”
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ আরও ঘোষণা দেন, জুলাই মাসে যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রেখেছিল, সেভাবেই আবার নতুন করে সব জুলাই বিপ্লবীদের সংগঠিত করে ‘বৈষম্যবিরোধী ছাত্র প্ল্যাটফর্ম’-কে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড হিসেবে ঘোষণা করা হলো।
তিনি বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দাবি একটিই— শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার।”
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১. মাহাদী ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুকসহ হেনস্তাকারী পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।
৩. জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সামরিক, আধা-সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। একই সঙ্গে তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের কারণে পদোন্নতিবঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে পদায়নের দাবি জানানো হয়।



