tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলস্বাস্থ্যকোষ্ঠকাঠিন্য থেকে ডায়রিয়া -বহু সমস্যার সমাধানে ইসবগুল

কোষ্ঠকাঠিন্য থেকে ডায়রিয়া -বহু সমস্যার সমাধানে ইসবগুল

কোষ্ঠকাঠিন্য দূর করতে রাতে হালকা গরম পানিতে ইসবগুল মিশিয়ে খাওয়ার অভ্যাস বহু মানুষেরই রয়েছে। তবে অনেকেই জানেন না, শুধু কোষ্ঠকাঠিন্য নয়—হজমের সমস্যা, ডায়রিয়া, এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও প্রাকৃতিক এই উপাদানটি বেশ কার্যকর।

গবেষণায় দেখা গেছে, ইসবগুলের পানি ধরে রাখার ক্ষমতা অনেক বেশি। ফলে শরীরের আর্দ্রতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া এতে রয়েছে প্রচুর ফাইবার, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এ কারণেই পুষ্টিবিদরা নিয়মিত ফাইবারসমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।

বেশির ভাগ মানুষ ইসবগুল হালকা গরম পানির সঙ্গে খেলেও বিশেষজ্ঞদের মতে, সর্বোচ্চ উপকার পেতে হলে সঠিক সময়ে ও সঠিক উপায়ে এটি খাওয়া জরুরি। শুধু পানিতে গুলে খেলেই সব সমস্যার সমাধান হয় না। রোগভেদে কখনো ঠাণ্ডা দুধ, কখনো টক দইয়ের সঙ্গে ইসবগুল খাওয়াই বেশি উপকারী।

কোষ্ঠকাঠিন্য দূর করতে সাধারণত হালকা গরম পানিতে ইসবগুল মিশিয়ে খেতে বলা হয়। সমস্যা যদি গুরুতর হয়, সে ক্ষেত্রে উষ্ণ দুধে ইসবগুল মিশিয়েও খাওয়া যেতে পারে। এক কাপ দুধে এক চা-চামচ ইসবগুল মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রাতে খাবারের পর পান করলে ভালো ফল পাওয়া যায়।

অম্বল বা ঢেকুরের সমস্যা থাকলে ঠাণ্ডা দুধে ইসবগুল মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে এসিড রিফ্লাক্সের উপসর্গ কমতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে রাখতেও ইসবগুল কার্যকর। হালকা গরম পানিতে ইসবগুল মিশিয়ে যেকোনো ভারী খাবারের অন্তত আধঘণ্টা আগে খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

তবে ডায়রিয়া বা পেট খারাপের সময় পানি বা দুধের সঙ্গে ইসবগুল খাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ঘরে তৈরি টক দইয়ের সঙ্গে এক চা-চামচ ইসবগুল মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

এ ছাড়া রক্তে অতিরিক্ত শর্করা ও খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পানিতে ইসবগুল মিশিয়ে খাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে খাবারের পর খেলেও তেমন কোনো ক্ষতি হয় না।