প্রতি লিটার ১৩১ টাকা ৪৭ পয়সা দরে থাইল্যান্ড থেকে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে বলে জানা গেছে।
বৈঠকে শুধু সয়াবিন তেল নয়, দেশের জরুরি চাহিদা পূরণে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এসব পণ্য দ্রুত আমদানির প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগ ভোজ্যতেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানসহ আসন্ন মাসগুলোতে কোনো ঘাটতির আশঙ্কা থাকবে না।



