বিদেশি পর্যবেক্ষকদের থাকা–খাওয়ার ব্যয় বহনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী আখ্যা দিয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে আগত নির্বাচন পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহনের সিদ্ধান্তকে তারা বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্বপূর্ণ বলে মনে করছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ধ্বংসকারী কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখে নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্ত নিরপেক্ষ ও স্বাধীন পর্যবেক্ষণের পরিপন্থী। সংস্থাটির মতে, এই সিদ্ধান্ত অপরিণামদর্শী হওয়ার পাশাপাশি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদেশি পর্যবেক্ষকদের সরব উপস্থিতির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর যে যুক্তিতে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে, তা বাস্তবে হিতে বিপরীত হতে বাধ্য। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন করা হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা কেন প্রযোজ্য হবে না—এ প্রশ্নের কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে নেই।
তিনি আরও বলেন, এ ধরনের আতিথেয়তা গ্রহণের ফলে একদিকে পর্যবেক্ষকরা ‘ভাড়াটে’ হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে নির্বাচন কমিশনের আতিথেয়তায় থেকে তারা কতটা স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্তভাবে নির্বাচন মূল্যায়ন করতে পারবেন—সে বিষয়ে গুরুতর সন্দেহ থেকে যায়। বিশেষ করে যখন পর্যবেক্ষকদের দায়িত্বের মধ্যে নির্বাচন কমিশনের ভূমিকাও মূল্যায়ন করা অন্তর্ভুক্ত থাকে, তখন কমিশনেরই অর্থায়নে সেই মূল্যায়নের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে।
ড. ইফতেখারুজ্জামান বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, কোন যুক্তিতে তারা ইসি বা বাংলাদেশ সরকারের অর্থায়নে এ ধরনের দায়িত্ব গ্রহণ করবেন? নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় রেখে এমন আতিথেয়তা গ্রহণ করে তারা কি সত্যিই নির্বাচনকে বস্তুনিষ্ঠ, নির্মোহ ও পক্ষপাতহীনভাবে মূল্যায়ন করতে পারবেন? টিআইবি আশা প্রকাশ করে, বিদেশি পর্যবেক্ষকরা এ ধরনের আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকবেন এবং স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ২০০৮ সাল কিংবা তার আগে রাষ্ট্রের অর্থ ব্যয় করে বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে নির্বাচনকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপনের প্রয়োজন হয়নি। অথচ ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এ ধরনের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল—সে বিষয়ে নির্বাচন কমিশনের আত্মজিজ্ঞাসা করা উচিত।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়ার পতিত সরকারের প্রচেষ্টা কতটা কার্যকর হয়েছিল, তা থেকে শিক্ষা নেওয়া বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের পর জনমনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে, তা বিতর্কিত করার পথ থেকে নির্বাচন কমিশন সরে আসবে—এমনটাই প্রত্যাশা করে টিআইবি।



