বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা তাঁর হাতে তুলে দেন।
মোদীর বার্তায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের উন্নয়নযাত্রা ও ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর প্রয়াণে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন স্মরণে থাকবে।
বার্তায় মোদী আরও উল্লেখ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাবে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে বেগম খালেদা জিয়ার চেতনা ভবিষ্যতেও পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার উন্নয়নমূলক অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করে মোদী আশা প্রকাশ করেন, তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বের পথনির্দেশক হবে।



