প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ভিড় করছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা এসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে অনেককে কাঁদতেও দেখা যায়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই সাধারণ মানুষ কবর জিয়ারতে আসতে শুরু করলেও নিরাপত্তাজনিত কারণে তখন প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়।
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেরেবাংলা নগরে, স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।
দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।



