পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হলে বিজেপির হাত থেকে দিল্লি “কেড়ে নেওয়া হবে”—এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, বাংলায় বিজেপিকে শূন্য করে দেওয়াই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। বাংলায় জিতলেই দিল্লিতে বিজেপি সরকারের পতন ঘটবে।
গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ-স্তরের কর্মীদের নিয়ে এক দলীয় সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, এসআইআর করতে গিয়ে কতজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেছে? তিনি সংখ্যালঘু, আদিবাসী, তফশিলি, রাজবংশী ও মতুয়াসহ সমস্ত সম্প্রদায়কে একজোট হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ভোটের বাক্সে বিজেপিকে জবাব দিতে তৃণমূল কর্মীদের হাতে হাত মিলিয়ে আন্দোলনে নামার ডাক দেন তিনি।
মমতা ব্যানার্জীর অভিযোগ, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে, তা বিজেপির পার্টি অফিসে বসেই ঠিক করা হচ্ছে। তাঁর দাবি, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআরের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন এবং এমনকি প্রধানমন্ত্রী ও দেশ পরিচালনাও তাঁর প্রভাবেই চলছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিকল্পনাহীন এসআইআরের ফলে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার। এতে ইতিমধ্যেই ৪৬ জনের প্রাণ গেছে, যার দায় নির্বাচন কমিশনের। খসড়া ভোটার তালিকায় বাংলা ও ইংরেজি নামের বানানে অসংখ্য ভুল রয়েছে। পদবি পরিবর্তন বা বিবাহের পর অন্যত্র চলে যাওয়ার কারণেও বহু নারীর নাম বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার বিষয়টিও তুলে ধরেন।
সভা শেষে তৃণমূল সুপ্রিমো বলেন, যতই এসআইআর করা হোক না কেন, বাংলা বিজেপির হবে না। বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে শূন্য করে দেওয়া হবে। বাংলায় জিতলেই দিল্লি দখল হবে এবং বিজেপি সরকারের পতন ঘটবে। তাঁর দাবি, ২০২৬ সালে বিজেপি ও সাম্প্রদায়িক শক্তির রাজনৈতিক বিসর্জন ঘটবে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, তাঁর দীর্ঘদিনের সংগ্রামকে সম্মান জানাতে হলে লড়াই করে জিততে হবে এবং বিজেপিকে বিদায় জানাতে হবে।



