মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত; অন্যথায় তাকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে।
সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, ভেনেজুয়েলা যদি পরিস্থিতি মোকাবিলায় কোনো ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার চেষ্টা করে, তবে সেটি তাদের জন্য মারাত্মক ভুল হবে।
এরই মধ্যে ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। যুক্তরাষ্ট্র তিনটি তেল ট্যাংকার জব্দ করেছে, যেগুলোতে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ছিল। ট্রাম্প জানান, এসব তেল আর ফেরত দেওয়া হবে না; যুক্তরাষ্ট্র চাইলে তা নিজেদের মজুত হিসেবে রাখতে বা বিক্রি করতে পারে। তার দাবি, নিষেধাজ্ঞা এড়াতে এসব জাহাজ ব্যবহার করা হচ্ছিল।
মার্কিন পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরো পালটা বক্তব্যে ট্রাম্পকে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে সতর্ক করে বলেন, এ ধরনের অবরোধ বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এই প্রেক্ষাপটে মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের আচরণের নিন্দা জানান। একই সুরে চীনও এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করে ভেনেজুয়েলার স্বাধীন বাণিজ্যের অধিকারের কথা তুলে ধরেছে।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়া ও চীনের অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় রাশিয়ার পক্ষে ভেনেজুয়েলা ইস্যুতে কার্যকর ভূমিকা নেওয়া কঠিন।
এই উত্তেজনা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি ঘিরে লাতিন আমেরিকায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।



