বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা এবং উড্ডয়ন ও অবতরণ অঞ্চলে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে, যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০-এর পরিপন্থি।
বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন একান্ত প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



