tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকএএফপির ফ্যাক্টচেক: বাংলাদেশ নিয়ে ভারতীয় কনটেন্ট নির্মাতার ভিডিও ভুয়া

এএফপির ফ্যাক্টচেক: বাংলাদেশ নিয়ে ভারতীয় কনটেন্ট নির্মাতার ভিডিও ভুয়া

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এ প্রেক্ষাপটে অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে। এমনই একটি ভুয়া ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ভুলভাবে দাবি করা হয়—সাবেক শাসকদলের ছাত্রসংগঠনের এক নেত্রীকে নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখা হয়েছে।

এএফপি ফ্যাক্টচেকে জানা গেছে, ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সত্যতা নেই। বাস্তবে এটি একজন ভারতীয় কমেডি ইউটিউবারের তৈরি কনটেন্ট, যেখানে এক নারীকে মদ্যপ অবস্থার অভিনয় করতে দেখা যায়। ১৮ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীকে রাস্তার পাশে কাঁপতে দেখা যায়; পাশে পড়ে থাকে একটি পানির বোতল ও একজোড়া স্যান্ডেল। ভিডিওটি ৫ ডিসেম্বর ফেসবুকে শেয়ার করা হয় এবং প্রায় ১ লাখ ৭৩ হাজারবার দেখা হয়। ভিডিওটির সঙ্গে যুক্ত বাংলাভাষার ক্যাপশন ও ভয়েসওভারে মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়।

২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করলে একই ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামেও পুনরায় ছড়ানো হয়। ১৭ কোটির বেশি জনসংখ্যার এই দক্ষিণ এশীয় দেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নভেম্বরে ঢাকার একাধিক স্থানে তাজা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একই সময়ে ২০২৪ সালের অভ্যুত্থানের ছাত্রনেতা ও নির্বাচনী প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এর আগেও এএফপি বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে ছড়ানো একাধিক ভুয়া দাবি খণ্ডন করেছে। স্থানীয় গণমাধ্যমগুলোও নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য প্রচারের তৎপরতা বৃদ্ধির কথা জানিয়েছে।

তবে আলোচিত ভিডিওটির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। ভিডিওটির কী-ফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এর একটি উচ্চ রেজোলিউশনের সংস্করণ ৩ ডিসেম্বর ‘নাপাতি হাজেহাওয়ারি’ নামের একটি কমেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। চ্যানেলটির ব্যানারে নিজেকে ‘ইউনিক কমেডিয়ান’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এবং ভিডিওতে দেখা নারীকে চ্যানেলটির অন্যান্য ভিডিওতেও দেখা যায়। মূল ভিডিওতে এক পুরুষ কণ্ঠে বোড়ো ভাষায় (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি সরকারি ভাষা) কথা বলতে শোনা যায়—তিনি ওই নারীকে মাতাল কি না এবং কেন এত বেশি পান করেছেন, তা জিজ্ঞেস করেন। একই ভিডিও ইউটিউবারের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে; তার ইনস্টাগ্রাম বায়োতেও তিনি নিজেকে ‘ইউনিক কমেডি ক্রিয়েটর’ হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে এএফপি সংশ্লিষ্ট কনটেন্ট নির্মাতা ও ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পাওয়া যায়নি।