বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন।
এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। রাষ্ট্রপক্ষের দাবি, সব গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং তা সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।
অন্যদিকে, শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন।
এ মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলায় তিনজন গ্রেফতার রয়েছেন।
এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।



