দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিটির নাম— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
তিনি জানান, প্রতিযোগিতাটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এক মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে যে কেউ এতে অংশ নিতে পারবেন। মোট ১১টি নির্ধারিত থিমের যেকোনো একটি বিষয়ে রিল তৈরি করতে হবে। প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।
মাহাদী আমিন আরও বলেন, কর্মসূচি উপলক্ষে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে অংশগ্রহণের ছয়টি ধাপ উল্লেখ রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের নির্ধারিত ১১টি থিমের মধ্য থেকে একটি বেছে নিয়ে এক মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে।
তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা টিকটকের যেকোনো একটি মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে রিলটি পোস্ট করবেন। পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের সঙ্গে অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।
রিলের ধরন হতে পারে যেকোনো ভিডিও কনটেন্ট—একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়। মূল্যায়নে জনমতের ভিত্তিতে থাকবে ৩০ শতাংশ এবং বাকি ৭০ শতাংশ নম্বর দেবেন জুরি বোর্ড।
প্রতিযোগিতার থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
নতুন কার্যালয়টি তারেক রহমানের জন্য কিনা—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস; একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় বলা ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।



