ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন—এমন দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সায়ের আজ এক ফেসবুক পোস্টে জানান, ফয়সালের ব্যবহৃত একটি ফোন নম্বরের তথ্য তিনি পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বর্তমানে গুয়াহাটিতে অবস্থান করছেন। সেখানে পৌঁছানোর পর তাকে ভারতীয় একটি সিম সংগ্রহে সহায়তা করেছেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব।
তিনি আরও বলেন, বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে—ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) হালুয়াঘাট সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এরপর নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে একটি ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দেন।
সেই নম্বর ব্যবহার করে ফয়সাল নিজের অবস্থানের কথা ঘনিষ্ঠদের জানান দেন বলে দাবি করা হয়েছে। সায়েরের মতে, ‘+৯১৬০০১৩৯৪০**’ নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে একটি সেলফি পাঠানো হয়। ওই নম্বরগুলোর একটি ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা হয়েছে, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।



