আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে জুলাই সনদ নিয়ে একটি গণভোটের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই সনদের লক্ষ্য নির্বাহী ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা। তবে এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষণেও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে অস্থির রয়ে গেছে। বহু রাজনৈতিক প্রশ্ন এখনো অনিষ্পন্ন। ভারতের প্রভাবশালী দৈনিক দ্য স্টেটসম্যান ‘আনইজি ভ্যাকুয়াম’ শীর্ষক সম্পাদকীয়তে এ বাস্তবতার দিকেই ইঙ্গিত করেছে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ এক ধরনের অস্বাভাবিক রাজনৈতিক শূন্যতার মুখোমুখি। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিকনির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে, আর ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় দুই দশক ধরে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তাঁর দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও নিরাপত্তাজনিত অনেক বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরতে পারেন। তবে দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা ইসলামপন্থী দলগুলোর জন্য, বিশেষ করে জামায়াতে ইসলামীর জন্য, একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। রাজনৈতিক স্থবিরতাকে কাজে লাগিয়ে তারা নিজেদের একটি সুসংগঠিত ও প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে এসব দল মধ্যপন্থী রাজনীতির প্রতি জনআস্থা দুর্বল করতে চাচ্ছে। এতে কেবল রাজনৈতিক পরিসরেই নয়, বরং দেশের নৈতিক ও আদর্শিক ভিত্তিতেও আঘাত আসছে।
একই সময়ে, কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগও তীব্র বিশ্বাসযোগ্যতা সংকটে পড়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব বর্তমানে নির্বাসনে এবং জনক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় ব্যর্থ হওয়ায় রাজনৈতিক প্রতিযোগিতায় দলটি প্রায় প্রান্তিক অবস্থানে পৌঁছেছে। এরই মধ্যে দেশে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই পরিস্থিতি কেবল দলীয় দ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্র দখলের লড়াই। ঐতিহাসিকভাবে এই কেন্দ্র উদার, গণতান্ত্রিক ও প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে এসেছে। নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান এই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে, যারা মধ্যপন্থী-উদার রাজনৈতিক জায়গা দখলের চেষ্টা করছে।
নতুন এসব দল বিএনপির সম্ভাব্য সমর্থকভিত্তিতে ভাগ বসাতে চাইছে। অন্যদিকে ভাসমান ভোটাররা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও আদর্শিক স্পষ্টতা—এই বিষয়গুলো তারা বিবেচনায় নিচ্ছে এক তীব্র মেরুকৃত রাজনৈতিক বাস্তবতায়।
এই প্রেক্ষাপটে বিএনপির সামনে রয়েছে দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে রাজনৈতিক কেন্দ্রের দিকে মনোযোগ দেওয়া, অন্যদিকে নিজেদের রাজনৈতিক পরিচয় নতুন করে সংজ্ঞায়িত করা। দলটি তাদের পূর্ববর্তী ইসলামপন্থী মিত্রদের থেকে দূরত্ব তৈরি করে নিজেকে একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে এই কৌশল অনেকটাই প্রতিক্রিয়াশীল; এতে প্রয়োজনীয় দৃঢ়তা ও স্পষ্ট রাজনৈতিক বয়ানের ঘাটতি রয়েছে।
বিশেষ করে সেই ভাসমান ভোটাররা—যারা ইসলামপন্থী প্রভাব নিয়ে শঙ্কিত, আবার প্রচলিত দলীয় রাজনীতির প্রতিও সন্দিহান—তারা এখনো বিএনপির ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। এর প্রভাব শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা, সীমান্তপারের সহযোগিতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, বিএনপি যদি নিজেদের অবস্থান সফলভাবে পুনর্গঠন করতে পারে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা বহুত্ববাদকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মানদণ্ডকে আরও সংহত করতে সহায়ক হবে।
বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নেতৃত্বের উপস্থিতি, রাজনৈতিক বয়ানের নিয়ন্ত্রণ এবং আদর্শিক বিশ্বাসযোগ্যতা—এই তিনটি বিষয়ই নির্ধারণ করবে দেশের ভঙ্গুর রাজনৈতিক কেন্দ্র টিকে থাকবে কি না, নাকি তা চরম মেরুকরণের কাছে নতি স্বীকার করবে।
আগামী কয়েক মাস শুধু কে দেশ শাসন করবে তা নির্ধারণ করবে না; বরং আগামী বহু বছরের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক গতিপথ ও সামাজিক সংহতির ভিত্তিও গড়ে দেবে।



