রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতি ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, শুধু গত এক মাসেই প্রায় ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে, যা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে—এ খবর জানিয়েছে এনডিটিভি।
তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, “আমি চাই এই হত্যাযজ্ঞ থেমে যাক। গত মাসেই ২৫ হাজার সৈন্য মারা গেছে। এ অবস্থার দ্রুত অবসান প্রয়োজন। আমরা অত্যন্ত চেষ্টা করছি। পরিস্থিতি এমনভাবে এগোচ্ছে যে এটি বড় ধরনের বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।”
সংঘাত নিয়ে ট্রাম্পের বিরক্তি এখন চরমে। পূর্বে তিনি ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ যুদ্ধ থামাতে সক্ষম হওয়ার দাবি করেছিলেন। কিন্তু রাশিয়ার অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক নিয়ে তার তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যের কারণে এখন তিনি কার্যত দর্শকের ভূমিকায় রয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শান্তি আলোচনা ধীরগতির হওয়ায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। তিনি কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়, বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন।
লেভিট আরও বলেন, “প্রেসিডেন্ট উভয় পক্ষের ওপরই ক্ষুব্ধ। তিনি কথার বুলি নয়—বাস্তব অগ্রগতি চান।”
একই সময়ে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ থামাতে চাইলে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে রাজি রয়েছে যুক্তরাষ্ট্র এবং এর অধীনে দেশটিকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। তবে মার্কিন শান্তি প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন।



