রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়ন যেন শেষ না হওয়া এক প্রকল্পের নাম। এক বছরের মধ্যে সংস্কার কাজ শেষের কথা বলে সাত বছরের বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছে পার্কটি। দীর্ঘ সময় বন্ধ থাকায় শিশুদের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্রের নামটিই আড়ালে হারিয়ে গেছে।
এখন শাহবাগ শিশু পার্কে নেই আগের কোনো রাইড, নেই শিশুদের কোলাহল। কবে নাগাদ আধুনিকায়নের কাজ শেষ হবে, কবে আবার শিশুদের জন্য খুলে দেওয়া হবে—তারও সুনির্দিষ্ট উত্তর দিতে পারছে না কর্তৃপক্ষ।তবে নাগরিকদের অভিযোগ, শহীদ জিয়া শিশুপার্ক আধুনিকায়নের নামে নগরবাসীর সঙ্গে তামাশা করছে ডিএসসিসি। এক বছরের কথা বলে বন্ধ করা পার্ক সাত বছরেও খোলেনি। এতে শহরের একটি প্রজন্মের শিশু-কিশোররা ওই পার্কের আনন্দ-বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে পার্কের যাবতীয় কাজ শেষ করে তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দেশের নগর, আঞ্চলিক ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শাহবাগ শিশুপার্কের বিষয়ে ওই সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান জাগো নিউজকে বলেন, শাহবাগ শিশুপার্কে অবকাঠামো উন্নয়নের নামে দীর্ঘদিন পার্কটি বন্ধ করে রাখা হয়েছে। এটি শুধু গণপূর্ত অধিদপ্তর বা সিটি করপোরেশনের সমন্বয়হীনতা নয়, এটি মূলত সরকারের গাফিলতি। সরকার একটি প্রজন্মের শিশুদের শৈশবের আনন্দ কেড়ে নিয়েছে। এজন্য সরকারকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি পার্কের কাজটি যাতে দ্রুত সময়ে শেষ হয়, তা নিশ্চিত করতে হবে।
যে পার্ক ছিল শিশুদের বিনোদনের ঠিকানা
শাহবাগের এ শিশুপার্ক একসময় ছিল শিশু-কিশোরদের অন্যতম আকর্ষণ। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা সন্তানদের নিয়ে আসতেন এখানে। অল্প টাকায় বিভিন্ন রাইডে চড়ার সুযোগ থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছেও এটি ছিল সহজলভ্য বিনোদনকেন্দ্র।



