সরকার দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো: পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।
সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে পটুয়াখালীতে কর্মরত ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে বদলি করে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে।
এছাড়া, মেহেরপুরের বর্তমান ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেহেরপুরে নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার ডিসি হিসেবে এবং কুষ্টিয়ার বর্তমান ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



