জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এ আবেদন করা হয় বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ। তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সোমবারই চেম্বার আদালতে এর শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।
রায়ে আদালত নির্দেশ দেন, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে অর্থ আদায়ে এনবিআরের আইনগত বাধা থাকল না।
যেভাবে শুরু হয় মামলা
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এ দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের আগের রায় প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হলে শুনানি শেষে গত ১০ সেপ্টেম্বর রুল খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
এখন হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের করা আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।



