বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রশংসা কুড়াচ্ছেন সমাজসেবামূলক এক উদ্যোগে অংশ নিয়ে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০টিরও বেশি সুবিধাভোগীর হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দিয়েছেন তিনি।
শুক্রবার রাতে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। এ সময় তিনি সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন।
এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসন প্রকল্পের ৫০ জনের বেশি উপকারভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজস্ব স্থায়ী আবাসনের চাবি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বইয়েরও মোড়ক উন্মোচন করেন এই অভিনেতা। বইটিতে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সফল পুনর্বাসনের গল্প, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এসআরএর দাবি, নতুন আইটি সার্ভার রুম চালুর মাধ্যমে সংস্থাটির ডিজিটাল সেবা আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর হবে। পাশাপাশি ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।
সফরকালে সালমান খানকে সংস্থাটির চলমান পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি এসব উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের মতে, তার উপস্থিতি জনবান্ধব পুনর্বাসন কার্যক্রমে নতুন উৎসাহ যোগাবে এবং সরকারের এই উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
অন্যদিকে, পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্পের কাজ চলছে, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।



