বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু উপকূল। এর প্রভাবে আগামী সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘অর্ণব’।
আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী সোমবার আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব তুলনামূলক কম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।



