tanaka
প্রচ্ছদজাতীয়৪৩ লাখ কৃষক এ বছর পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

৪৩ লাখ কৃষক এ বছর পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পাইলট কর্মসূচির উদ্বোধনী দিনে ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে।

বুধবার ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী’ প্রদান অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, কৃষক কার্ডের প্রাক-পাইলট কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে আগামীকাল ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

তিনি জানান, ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক প্রিন্টেড কৃষক কার্ড পাবেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামীকালের অনুষ্ঠানে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে। পাশাপাশি আরও ৬৪টি উপজেলা অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকবে।

চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড ও উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষক কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তা দেওয়া এবং কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা আরও সহজ ও কার্যকরভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।