tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক২৯ আঙুলে গিনেস রেকর্ড গড়ল বিড়াল ইরেবাস

২৯ আঙুলে গিনেস রেকর্ড গড়ল বিড়াল ইরেবাস

সাধারণত একটি বিড়ালের চার পায়ে থাকে ১৮টি আঙুল। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন এক বিড়ালের সন্ধান মিলেছে, যার চার পায়ে মোট ২৯টি আঙুল। বিরল এই বৈশিষ্ট্যের কারণে মেইন কুন জাতের বিড়ালটি নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

‘ইরেবাস অ্যানোমালি’ নামের বিড়ালটির চার পায়ে মোট ২৯টি আঙুল থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন রেকর্ড গড়েছে ইরেবাস।

ইরেবাসের মালিক যুক্তরাষ্ট্রের দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। অতিরিক্ত ১১টি আঙুল থাকায় বিড়ালটির থাবা সাধারণ বিড়ালের তুলনায় অনেক বড় এবং দেখতেও বেশ আলাদা। তবে এত বেশি আঙুল থাকা সত্ত্বেও হাঁটাচলা কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন এর মালিকেরা।

বিরল বৈশিষ্ট্য পলিড্যাক্টিলি

স্বাভাবিকের তুলনায় বেশি আঙুল থাকার বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পলিড্যাক্টিলি’। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এ ধরনের বৈশিষ্ট্য দেখা গেলেও চার পায়ে মোট ২৯টি আঙুল থাকা অত্যন্ত বিরল।

ইরেবাসের আগে সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল ২৮টি আঙুল নিয়ে প্রথম এই রেকর্ড গড়ে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়।

এবার একটি অতিরিক্ত আঙুল নিয়ে আগের দুই রেকর্ডধারীকে ছাড়িয়ে গেছে ইরেবাস। ২৯টি আঙুল নিয়ে গিনেস রেকর্ডসে নতুন একক মালিক হয়েছে সে।

জন্ম থেকেই নজর কেড়েছিল ইরেবাস

ইরেবাসের মালিক কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের প্রতিষ্ঠান ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’।

মালিকেরা জানান, জন্মের পর থেকেই ইরেবাসের পায়ের অস্বাভাবিক গঠন তাদের নজরে আসে। তখনই তাদের ধারণা হয়েছিল, বিশেষ এই বিড়ালটি একদিন হয়তো কোনো রেকর্ড গড়তে পারে।

শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিতে ২৯টি আঙুল নিয়ে ইরেবাস এখন বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন রেকর্ডধারী।