tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটি হবে নতুন সংসদের প্রথম বৈঠক।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই তিনি এ অধিবেশন ডাকেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসা বাধ্যতামূলক। ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

সংবিধান অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হলেও পুরোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন সংসদের অধিবেশন শুরু হয়। বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। উদাহরণস্বরূপ, দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। তবে এবার পূর্ববর্তী সংসদের মেয়াদ শেষ থাকায় নতুন অধিবেশন শুরুতে দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না।

সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম অধিবেশন আয়োজন নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, “অধিবেশন আহ্বান সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আমরা এখনো পাইনি।” ২৬ ফেব্রুয়ারি অধিবেশন বসার আলোচনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, “এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শপথ গ্রহণের এক মাসের মধ্যে সংসদ অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।”