আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সম্মানিত যাত্রীদের আগাম সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে বিমান কর্তৃপক্ষ জানায়, ওই দিন বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি থাকতে পারে। ফলে এসব এলাকায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যানজটের কারণে যেন কোনো যাত্রী ফ্লাইট মিস না করেন, সে জন্যই এই আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ অনুরোধ। যাত্রীদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।



