ইরানের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন কারাবন্দির সাজা মওকুফ বা কমানোর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেয়ি এই বিশেষ ক্ষমার আবেদন করেন।
হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিকের জন্মবার্ষিকী পালিত হয়। এ বছর গত ৩০ আগস্ট দিবসটি উদযাপন করা হয়েছে। প্রধান বিচারপতির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা এই সাধারণ ক্ষমার অনুমোদন দেন।
ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ মওকুফ করার বিশেষ ক্ষমতা সর্বোচ্চ নেতার রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত বন্দির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এই ক্ষমার আওতায় থাকবেন না।
ফলে নির্দিষ্ট শর্ত পূরণকারী ২ হাজার ৫৭৭ জন বন্দিই এবারের সাধারণ ক্ষমা বা সাজা কমানোর সুবিধা পাবেন।



