tanaka
প্রচ্ছদজাতীয়‘বেতন বৃদ্ধির সুযোগে যেন জিনিসপত্রের দাম না বাড়ে’

‘বেতন বৃদ্ধির সুযোগে যেন জিনিসপত্রের দাম না বাড়ে’

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।

সভায় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মো. ফজলুল হক বলেন, সরকারি বেতন স্কেল ঘোষণার পরপরই এ সভা অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব রয়েছে। বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এ অবস্থায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা যেন চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে না দেন।

তিনি বলেন, ‘যারা সরকারি চাকরি করেন, বেতন বাড়ার পর তাঁরা হয়তো পাঁচ টাকা বেশি দিতে পারবেন। কিন্তু সরকারি চাকরির বাইরে থাকা মানুষের সংখ্যাই বেশি। তাই ব্যবসায়ীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।’

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এফবিসিসিআই প্রশাসক বলেন, বেতন বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা করা, পণ্যের দাম বাড়ানো কিংবা কোনো ধরনের সিন্ডিকেট করা উচিত হবে না। সভা থেকে ব্যবসায়ীদের প্রতি এ বার্তাই দিতে চান বলে জানান তিনি।