tanaka

সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চিকিৎসকের কাছে ১০ লাখ চাঁদা, গ্রেফতার ৭

চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ ও তার সহযোগী মো. রায়হানের নাম ব্যবহার করে এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা...
প্রচ্ছদঅন্যান্য২০২৬-৩১ মেয়াদে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর উদ্যোগ

২০২৬-৩১ মেয়াদে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর উদ্যোগ

দেশের সব মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও দুপুরের খাবারের সুবিধা পাবে। ২০২৬ থেকে ২০৩১ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড-ডে মিলের সুবিধা পেলেও মাদ্রাসার শিক্ষার্থীরা কেন এ সুবিধার বাইরে রয়েছে। বিশেষ করে এতিমখানায় থাকা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা কেন নিশ্চিত করা হচ্ছে না, সে বিষয়েও জানতে চান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টিকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এসইডিপির অধীনে ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

ইবতেদায়ি মাদ্রাসাও থাকবে আওতায়

শিক্ষামন্ত্রী জানান, এমইইএসপির মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতা থেকে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকেও বাদ রাখা হবে না। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে দুপুরের খাবারের সুবিধা পাবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্যগত সহায়তা বাড়ানোর পাশাপাশি শিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।