দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নির্বাচিত সভাপতি হিসেবে আগামী এক বছর জাতিসংঘের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।
আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। এ সময় সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী অধিবেশনে জাতিসংঘের কার্যক্রম পরিচালনা নিয়ে তার পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে।
প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব
শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
তার নেতৃত্বে আগামী এক বছর সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশন, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা এবং বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ ৪০ বছর পর এই পদে আবারও কোনো বাংলাদেশির দায়িত্ব গ্রহণ দেশের বহুপাক্ষিক কূটনীতিতে নতুন তাৎপর্য তৈরি করেছে।



