২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন নকআউট পর্বের উত্তেজনায়। ৪৮ দল থেকে প্রতিযোগিতা নেমে এসেছে শেষ ৩২ দলে, আর প্রতিটি ম্যাচের সঙ্গে শিরোপার লড়াইও হয়ে উঠছে আরও জমজমাট। শেষ বত্রিশের ম্যাচগুলো নির্ধারিত হওয়ায় সম্ভাব্য পথচিত্রও অনেকটাই পরিষ্কার। সেই ভিত্তিতেই ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
অপটার হিসাব অনুযায়ী, ফাইনালে মুখোমুখি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্সের। যদিও ফাইনালে ওঠার সম্ভাবনায় আর্জেন্টিনা সামান্য এগিয়ে, তবে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩০ শতাংশ।
অন্যদিকে ফ্রান্সের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। তবে শিরোপা জয়ের সম্ভাবনায় সবার ওপরে রয়েছে ফরাসিরা, তাদের সম্ভাবনা ১৮.৭ শতাংশ।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৭%), ব্রাজিল (৬.৫%), নেদারল্যান্ডস (৫.১%), পর্তুগাল (৪.৭%) এবং জার্মানি (৪.৪%)।
এছাড়া কলম্বিয়া (৩.২%), নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) ও সুইজারল্যান্ড (২.২%) এখনও শিরোপার দৌড়ে রয়েছে বলে মনে করছে সুপারকম্পিউটার।
তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। মরক্কো ও বেলজিয়ামের সম্ভাবনা ১.৬ শতাংশ করে, আর জাপানের সম্ভাবনা ১ শতাংশ।
তবে অপটা স্পষ্টভাবে জানিয়েছে, এসব পূর্বাভাস সম্পূর্ণই গাণিতিক মডেল ও পরিসংখ্যানভিত্তিক। বাস্তবে ফুটবলে একটি ম্যাচের ফল মুহূর্তেই সব সমীকরণ বদলে দিতে পারে। তাই সুপারকম্পিউটারের পূর্বাভাস যতই আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালের ইঙ্গিত দিক না কেন, শেষ কথা বলবে মাঠের লড়াই।



