tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আপাতত সংঘাত বন্ধ করে পুনরায় আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করে অ্যাক্সিওসও।

রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে। এ সময় উভয় পক্ষ সামরিক সংঘাত থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সম্মত হয়েছে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আপাতত সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দুই দেশই উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথে এগোতে সম্মত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে আরও জানা গেছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। তবে অ্যাক্সিওসের দাবি, আলোচনার প্রধান বিষয় থাকবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল। বৈঠকে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের প্রধান নিক স্টুয়ার্টও অংশ নিতে পারেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত তেহরান বা ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত দুই দিনের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরানের নাজুক সমঝোতা নতুন করে চাপে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে চলমান কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করা হবে।