tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতি১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে ধৈর্য ধরতে হবে: দুদু

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে ধৈর্য ধরতে হবে: দুদু

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম, মামলা, গ্রেপ্তার এবং রাজনৈতিক নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকাটা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।

রোববার (৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রবীণ তিন নেতা—মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনা এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, গত ১৮ বছরে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অসংখ্য নেতাকর্মী এবং তাদের পরিবার নানা ধরনের নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছেন। অনেক যোগ্য ব্যক্তি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। ফলে দীর্ঘদিনের এই বাস্তবতায় নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে বর্তমান সময়ে ধৈর্য ও সংযম বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ১৯৯০ সালের গণ-আন্দোলনের পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন। একইভাবে দীর্ঘ ১৮ বছরের আন্দোলন এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতৃত্ব হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন বলে দাবি করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে দুদু বলেন, একটি মহল বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তুলে ধরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সরকারকে দক্ষতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১/১১-এর সময় তারেক রহমানকে নির্যাতনের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সেই রাজনৈতিক সংকটের অধ্যায় পেরিয়ে এখন বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

দুদু আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। নজরুল ইসলাম খান হাসপাতালে চিকিৎসাধীন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের দীর্ঘ অবদানের কথা স্মরণ করে তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতারা।