নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে এক যুবককে ধরে এনে ছিনতাইকারী আখ্যা দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সিজান (২৫)। শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
নিহতের বাবা ইন্নু মিয়ার অভিযোগ, এলাকার একটি মসজিদের ইমাম কাউছার সম্প্রতি একটি সামাজিক সংগঠন গঠন করেন, যার সদস্যসংখ্যা প্রায় ৩০ থেকে ৪০ জন। তার দাবি, ওই সংগঠনের সদস্যরা এর আগেও এলাকার কয়েকজন যুবককে ধরে নিয়ে নির্যাতন করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কাউছারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক সিজানকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ করা হয়, পাইপ দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে সিজান অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মসজিদের ইমাম কাউছার বলেন, সিজানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ ছিল। তাকে শুধুমাত্র বুঝিয়ে-শুনিয়ে খারাপ কাজ থেকে ফেরানোর উদ্দেশ্যে বাসা থেকে আনা হয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত কিছু উত্তেজিত ব্যক্তি তাকে মারধর করেন। যারা হামলায় অংশ নিয়েছেন, তারা তার সংগঠনের সদস্য নন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।



