মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ মোট ১৬টি অধ্যাদেশের বিষয়ে আরও যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে এসব অধ্যাদেশ নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা বা অস্বচ্ছতা নেই বলেও তিনি দাবি করেন।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, ১১০টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে, যা ৯১টি বিলের মাধ্যমে পাস হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণীত এসব আইনে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং যেসব অধ্যাদেশে আরও পর্যালোচনার প্রয়োজন, সেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, ৯৭টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাস হয়েছে, ১৩টি সংশোধন করে পাস করা হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিতকরণ বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ এখনো সংসদে তোলা হয়নি।
রহিতকরণ বিলগুলোর প্রস্তাবনায় সংশ্লিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি। উদাহরণ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয়–সংক্রান্ত অধ্যাদেশের কথা তুলে ধরে তিনি বলেন, এসব বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা ও পর্যালোচনার প্রয়োজনীয়তা রয়েছে, যা বিলেই উল্লেখ করা হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদে কোনো বিল উপস্থাপন করা হলে তা আইনে পরিণত হয় এবং রহিতকরণ বিলও আইনের অংশ হিসেবে গণ্য হয়, যেখানে ভবিষ্যৎ পর্যালোচনার প্রতিশ্রুতি থাকে।
গুমসংক্রান্ত আইনের বিষয়ে তিনি বলেন, সংজ্ঞা ও বিচারপ্রক্রিয়ায় কিছু অস্পষ্টতা রয়েছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে। একইভাবে মানবাধিকার কমিশন আইনের কিছু ধারায় তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসব বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে মানবাধিকার কমিশন আইন নিয়ে পরামর্শসভা আয়োজন করা হতে পারে বলেও জানান আইনমন্ত্রী।
তিনি আরও জানান, ২০০৭ থেকে ২০০৯ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি হওয়া ১২২টি অধ্যাদেশের মধ্যে মাত্র ৫৪টি আইনে পরিণত হয়েছিল, বাকিগুলো বাতিল হয়ে যায়। তুলনামূলকভাবে বর্তমান সরকার বেশি সংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।



