চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) একদিনেই দেশে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।



