কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর মো. রফিকুল ইসলাম (৫৪) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, রফিকুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তার বাবার নাম মো. রজব আলী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে আরও কয়েক কারাবন্দির মৃত্যু
এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের আরও এক কারাবন্দির মৃত্যু হয়। তিনিও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
এর আগের দিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে একই হাসপাতালে তিন কারাবন্দির মৃত্যু হয়। তারা হলেন—আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। তাদেরও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল।



