ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, প্রায় ১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে ইসলামী ছাত্রশিবির তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালাচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে কয়েকটি পুরোনো পোস্টের স্ক্রিনশটও যুক্ত করেন হামিম।
তার প্রকাশ করা স্ক্রিনশটগুলোতে বিএনপি এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়। এর আগে একই ফেসবুক আইডির কয়েকটি পুরোনো পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্টের সূত্র ধরে কেউ কেউ দাবি করেন, হামিম একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে লিখতেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে হামিম লেখেন, স্ক্রিনশটগুলো ২০১৪ সালের, যখন তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন। তার দাবি, ১২ বছর আগের ওই আইডির পোস্টকে কেন্দ্র করে বর্তমানে গুজব ছড়ানো হচ্ছে।
তিনি আরও দাবি করেন, পুরোনো একটি পোস্টে তৎকালীন ছাত্রদলের এক নেতাকে ট্যাগ করা হয়েছিল। সেটিকেও ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তার ছোট বোনের সঙ্গে তোলা একটি ছবিতেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে জানান।
পোস্টের শেষাংশে হামিম তার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। তবে তার পোস্টে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



