আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি বলেন, “নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা—তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী এবার ভোট দিতে পারবেন। সবাইকে সঙ্গে নিয়ে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চাই।”
তিনি জানান, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের সংকর ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনগত হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
সিইসি বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন আমাদের অঙ্গীকার। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। এআই-এর অপব্যবহার রোধেও মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন।”
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, “এবার ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৪৩ লাখ ভোটার যুক্ত হয়েছেন। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে নারী-পুরুষ ভোটারের মধ্যে যে ৩০ লাখের ব্যবধান ছিল, তা কমে এখন ১৮ লাখে নেমেছে।”
তিনি আরও জানান, ভোটারদের সচেতন করতে শিগগিরই একটি গণসচেতনতামূলক প্রোগ্রাম চালু করা হবে।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইলেকট্রনিক মিডিয়ার পক্ষে অংশ নেন একাত্তর টিভির সিইও শফিক আহমেদ, বৈশাখী টিভির বার্তা প্রধান জিয়াউল কবীর সুমন, যমুনা টিভির তৌহিদুল ইসলামসহ বিভিন্ন টেলিভিশনের শীর্ষ সাংবাদিকরা।



