আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি)-এর ভিত্তিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির মূল্য সমন্বয় করা হয়। সেই অনুযায়ী অক্টোবর মাসের মূল্য নির্ধারণ করা হবে মঙ্গলবার।
এর আগে ২ সেপ্টেম্বর বিইআরসি ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করে। তারও আগে আগস্টে একই সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা করা হয়েছিল। একইসঙ্গে, অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।
এরও আগে, জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা থেকে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়। পরে, ২ জুলাই ২৩ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয় এবং ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১,৩৬৪ টাকা। একই সময়ে, অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।



