tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ বুঝে গেছে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার ও নিপীড়নমূলক শাসনের প্রত্যাবর্তন ঘটবে না। এতে নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের অধিকার ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, মাজারে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। ইসলাম এ দেশে বিস্তৃত হয়েছে পীর-আউলিয়া ও ইসলামি চিন্তাবিদদের মাধ্যমে। মাজারে আক্রমণ একটি জঘন্য কাজ। কারও পছন্দ না হলে সেখানে না যাওয়াই উচিত, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষ যেখানে শান্তি ও আনন্দ পায়, সেখানে যাওয়ার অধিকার তার রয়েছে। মাজার আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।

মাজার প্রাঙ্গণ পরিদর্শন শেষে তিনি বলেন, বুচাই চান পাগলা ছিলেন এ এলাকার একজন খ্যাতনামা সাধক। প্রতিবছর জানুয়ারি মাসে এখানে বাউল গানের আসর বসে, যেখানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এই সম্প্রীতি বজায় রাখাই আমাদের সবার দায়িত্ব।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কতিপয় ব্যক্তি মাজারটিতে হামলা চালিয়ে দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলে। এ ঘটনায় সরকার বাদী হয়ে মামলা করেছে। বর্তমানে মাজারটির সংস্কারকাজ চলমান রয়েছে।

মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, এলাকার কিছু টুপিধারী ব্যক্তি মাজারে ভাঙচুর চালিয়েছে। তারা এটি পছন্দ করে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজারটি মেরামতের বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতার কথা বলেছেন।

মাজার পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি প্রমুখ।