tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ ও কার্যক্রম আরও কার্যকর করতে ৪৬টি জুডিশিয়াল সার্ভিস ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগকে বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে জারি করা গেজেটে এ তথ্য জানানো হয়।

গেজেটে উল্লেখ করা হয়, সরকারের মঞ্জুরি নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ সর্বমোট ২১৩টি পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে সৃষ্টি এবং যানবাহন ও অফিস সরঞ্জামাদি (টিওঅ্যান্ডই) অন্তর্ভুক্ত করে এ আদেশ জারি করা হয়েছে।

সূত্র জানায়, সৃজিত ২১৩টি পদের মধ্যে রয়েছে—একজন সিনিয়র সচিব, চারজন অতিরিক্ত সচিব, চারজন যুগ্ম সচিব, ১৭ জন উপসচিব, ২০ জন সিনিয়র সহকারী সচিব এবং একজন মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা। এছাড়াও সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অডিটর, ফটোগ্রাফার, গাড়িচালকসহ বিভিন্ন শ্রেণির পদ অন্তর্ভুক্ত রয়েছে।

জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের ৪৬টি পদের মধ্যে ৪৫টির বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২০১৬ সালের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী। সিনিয়র সচিব পদসহ বাকি ১৬৮টি পদের বেতন স্কেল নির্ধারিত হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে।

আদেশে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারার আওতায় গঠিত ‘পদ সৃজন কমিটি’র সুপারিশের ভিত্তিতে এসব পদ সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

২১৩টি পদ, যানবাহন এবং অফিস সরঞ্জাম বাবদ ব্যয় সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য বরাদ্দকৃত বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করা হবে। এ সংক্রান্ত পদ সৃজন কমিটির আদেশ গত ৮ ডিসেম্বর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

এছাড়া আদেশে সচিবালয়ের ব্যবহারের জন্য ৯টি জিপ, ৬টি মাইক্রোবাস, ৪টি বাস, ৫টি ফটোকপিয়ার মেশিন এবং ১টি ডিজিটাল ক্যামেরা বরাদ্দ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।