ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।
ইয়াহিয়া সারি বলেন, সৌদি যুদ্ধবিমানটি ইয়েমেনের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার সময় তাদের হামলার লক্ষ্যবস্তু হয়। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
হুথি মুখপাত্রের ভাষ্য, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সামরিক তৎপরতা জোরদারের প্রেক্ষাপটে ওই অভিযান পরিচালিত হচ্ছিল। ইয়েমেনের জনগণ ও দেশের বিরুদ্ধে কথিত ‘আগ্রাসনের’ জবাব হিসেবে তাদের বাহিনী এই পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সৌদি আরব ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
এদিকে সৌদি-ইয়েমেন সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩—ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে উন্নীত করেছে।
বুধবার প্রকাশিত সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থের ওপর ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
সৌদি আরবের কিছু এলাকায় নিরাপত্তাঝুঁকি তুলনামূলক বেশি বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে।
সূত্র: আল-জাজিরা



