আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সঙ্গে দলীয় নেতাকর্মীদের ভার্চুয়াল যোগাযোগ নিয়ন্ত্রণে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস দুটির ব্যবহার সীমিত বা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত ২৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি আকস্মিক অভিযানে গ্রেপ্তার হওয়া ২৪৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে বহুজন এই দুটি অ্যাপ ব্যবহার করে দেশের বাইরে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
বৈঠকে প্রাথমিকভাবে রাতে অ্যাপসগুলোর গতি নিয়ন্ত্রণের সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ভার্চুয়াল মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।



