ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশে ফিরে মির্জা ফখরুল রাত সাড়ে ১১টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন, যার বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।



