দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে গত এক মাসে ১৬৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর বাকি দুজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ৩২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে হাম-সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে।
এ সময়ের মধ্যে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ১৬১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক চিত্রে দেখা গেছে, ঢাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে তা কম রয়েছে।



