যুক্তরাষ্ট্রের অনুরোধে লেবাননে কয়েকটি সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলের একটি অংশ মনে করছে, এ সিদ্ধান্ত হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক চাপকে দুর্বল করতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নেতানিয়াহুর এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাদের মতে, সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা প্রয়োজন ছিল।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত নেতানিয়াহু সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।
অন্যদিকে, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা পুরোপুরি থামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ অঞ্চলের আশপাশে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সমঝোতা ও সংঘাত কমানোর উদ্যোগ সত্ত্বেও সীমান্তবর্তী এলাকাগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি আবারও বড় ধরনের উত্তেজনার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।



