হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালিটি পুনরায় উন্মুক্ত করার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ওমানকে ‘ভদ্র আচরণ’ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।
বুধবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে। এর জের ধরেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের পর থেকে গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো দেশ এককভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা এর তদারকি করব এবং এটি আমাদের চলমান আলোচনার অংশ।”
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানের অবরোধের কারণে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।



