যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি ও কুয়েতের আলি আল সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালায়।আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করা’ দুটি তেলবাহী ট্যাংকারেও হামলা চালানো হয়েছে।
সংগঠনটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।আইআরজিসি জানায়, এই জলপথ দিয়ে চলাচলকারী সব ধরনের জাহাজ, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক নৌযান এর প্রভাবের মধ্যে পড়বে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা দেয় যে তারা ইরানের ভেতরে ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এটি ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব।



