২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (১ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় প্রত্যেক হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান বাধ্যতামূলক।
মন্ত্রণালয় জানিয়েছে, একই পরিবারের একাধিক হজযাত্রী চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন। তবে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা আবশ্যক। হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, যেসব হজযাত্রী আগের প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় সেই তথ্য জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।



